ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ রোডম্যাপ ঘোষণায় তারা খুশি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা আশাবাদী হয়েছি। এটি দেখে বোঝা যাচ্ছে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছে। মূল কথা হচ্ছে—আমরা খুশি, উই আর হ্যাপি।” রোডম্যাপকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা—এমন প্রশ্নে বিএনপি মহাসচিব সংক্ষিপ্ত জবাব দেন, “জি।”
এর আগে দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন এ রোডম্যাপ অনুমোদন দেয়।
ঘোষিত কর্মপরিকল্পনায় দুই ডজনের বেশি কাজের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ, আইটি-ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল গঠন ও আন্তঃমন্ত্রণালয় বৈঠকসহ নানা ধাপ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার কথাও রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিকেলে বনানীতে এক অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “আজ ইলেকশনের রোডম্যাপ এসেছে, এটা নিঃসন্দেহে সুসংবাদ। মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। সবাই চায় দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, যাতে নির্বাচিত সরকার ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠিত হয়।” তিনি আরও বলেন, “নির্বাচনের পর অর্থনীতিতে বড় ধরনের টার্ন অ্যারাউন্ড হবে। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, দক্ষ মানবসম্পদ তৈরি হবে ইনশাআল্লাহ।”
