দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক আমিনুর রহমান সিদ্দিকী (৪৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে লিম্পুপু প্রদেশের মেচিনা শহর সংলগ্ন মাটিম্ব এলাকায় এই ঘটনা ঘটে।
আমিনুর রহমান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আব্দুল আজিজ সিদ্দিকীর ছেলে। দক্ষিণ আফ্রিকা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অঞ্জন এলাহী শনিবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত আমিনুর রহমান মাটিম্ব এলাকায় আকাশ সুপারশপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। শুক্রবার বিকেলে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত প্রতিষ্ঠানটিতে প্রবেশ করে তার মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার বিএনপি নেতারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে আমিনুর রহমান সিদ্দিকীর লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
