দিদারুলকে স্মরণ করলেন প্রধান উপদেষ্টা

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সাক্ষাৎ হয়েছে। এ সময় তিনি দিদারুলের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের একটি হোটেলে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দিদারুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারকে একটি ক্রেস্ট প্রদান করেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নিহত দিদারুলের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাতিজা আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। এছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, পত্রিকায় খবরটি পড়ে আমি হতবাক হয়েছিলাম। টিভিতে দেখেছি, তাঁর শেষ বিদায়ে নিউইয়র্কে হাজারো মানুষের ঢল নেমেছিল। তিনি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন। নিউইয়র্ক সফরে আসার পরিকল্পনার মধ্যেই আমাদের মনে হয়েছিল, অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে হবে।

পরিবারের সদস্যরা জানান, দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশের একজন দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা ছিলেন। ২০২১ সালে তিনি পুলিশ বিভাগে যোগ দেন এবং ব্রঙ্কসের ৪৭তম প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। তাঁর রয়েছে দুই সন্তান।

গত ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে বন্দুকধারীর হামলায় দিদারুল ইসলাম নিহত হন। ওইদিন এক ব্যক্তি করপোরেট ভবনের ভেতরে এলোপাতাড়ি গুলি চালিয়ে পরে আত্মহত্যা করেন। হামলাকারীকে থামাতে গিয়ে দিদারুল প্রাণ হারান। পরিবার জানায়, তাঁর দেহে আট থেকে দশটি গুলির চিহ্ন পাওয়া যায়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *