দুপুরের বক্তব্যে সন্ধ্যায় আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দেওয়া একটি বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখপ্রকাশ করেন।

এর আগে, একই দিন দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্য প্রদর্শনীতে বক্তৃতাকালে আসিফ নজরুল বলেছিলেন, ‘ শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশে যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি।’ তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয় এবং সমালোচনার ঝড় ওঠে।

দুঃখ প্রকাশ করে দেওয়া ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী-কিশোর-শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়ে বেসামরিক মানুষ হত্যা, মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা এবং হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশ দেওয়া—এসব যুদ্ধের ময়দানেও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত।’

তিনি আরও লিখেছেন,তবে তাই বলে শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে একাত্তরের পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি। দুটোই জঘন্যতম অপরাধ। আমার কথায় কেউ যদি মনে করে থাকেন আমি একাত্তরের হত্যাযজ্ঞকে খাটো করে দেখেছি, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।

আসিফ নজরুলের এই ব্যাখ্যাকে ঘিরেও সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে ‘দায়সারা’ দুঃখপ্রকাশ বললেও, অনেকেই এটিকে দায়িত্বশীল আচরণ হিসেবে দেখছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *