জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগ এনে ফরিদপুরে জুলাই যোদ্ধাদের সরকারি গেজেট থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আবেদন করেছেন আবরার নাদিম (২৭) নামের এক তরুণ।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি আবেদনপত্রটি জমা দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন আবেদনটি গ্রহণ করেন।
জেলা প্রশাসক বরাবর দেওয়া আবেদনপত্রে আবরার নাদিম যার গেজেট নম্বর ২৪৮৯ নিজের নাম জুলাই যোদ্ধাদের সরকারি গেজেট, মাসিক ভাতা ও সব ধরনের সরকারি সুবিধা থেকে প্রত্যাহারের অনুরোধ জানান। তাঁর বাড়ি ফরিদপুর সদর উপজেলার কুঠিবাড়ী এলাকায়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন বলেন, স্বেচ্ছায় জুলাইয়ের গেজেট ও সব সুযোগ-সুবিধা থেকে নাম প্রত্যাহারের আবেদন আমরা পেয়েছি। বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য প্রেরণ করা হবে।
আবেদনে আবরার নাদিম লিখেছেন, জুলাইয়ের ন্যায্য আন্দোলনে আমি আহত হয়েছিলাম। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করতে পারেনি। বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানা অসংগতিমূলক কর্মকাণ্ড চলছে।
তিনি আরও উল্লেখ করেন, বিশেষ করে ফরিদপুরে প্রশাসনের বিভিন্ন সেক্টরে অনিয়ম আগের মতোই বহাল রয়েছে। একটি সিন্ডিকেটও ভাঙেনি। অনিয়মও থেমে নেই। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার করছি এবং মাসিক ভাতা যদিও আমি গ্রহণ করিনিতা থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছি।
নিজের কোনো অনিয়ম থাকলে তাতে তদন্তের আহ্বান জানিয়ে আবরার বলেন, আমরা যে চেতনায় আন্দোলন করেছিলাম, তার প্রতিফলন এখন আর দেখি না। চারদিকে শুধু নিজের বন্দোবস্ত চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা স্থানীয় প্রশাসন—কেউই দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক নয়। তাই আমি নিজ উদ্যোগে এই প্রত্যাহার করছি।
