নওগাঁর সাপাহারে সামান্য একটি স্টীলের বাটিকে কেন্দ্র করে কেতামুন বিবি (৭১) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত কেতামুন বিবি সাপাহার উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেতামুনের বোন আম্বেরা খাতুনের মেয়ে কেতামুনের ছেলেকে কয়েক দিন আগে ডিফোর্স লেটার পাঠানোর পর গত ২৪ আগস্ট রোববার বিকেলে গ্রামের মধ্যে উভয় পরিবারের মধ্যে বিবাহ বিচ্ছেদের বৈঠক বসে। বৈঠকে বিবাহ বিচ্ছেদের পর পরিবারের মধ্যে লেনদেনকৃত আসবাবপত্র ফেরত নেওয়ার সময় একটি স্টীলের বাটিকে কেন্দ্র করে দু’বোনের মধ্যে তর্ক শুরু হয়।
তর্ক উত্তেজিত হয়ে হাতাহাতিতে রূপ নিলে, আম্বেরা খাতুন, তার মেয়ে আসমা ও ছেলে মেহেদী হাসান মিলে কেতামুনকে বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে কেতামুন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে রাতের মধ্যে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, তবে জরুরি বিভাগের চিকিৎসক কেতামুনকে মৃত ঘোষণা করেন।
নিহত কেতামুনের বড় মেয়ে শাহদা খাতুন (৩৭) রবিবার রাতে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানিয়েছেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিরূপণের জন্য লাশ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”

