নওহাটা সরকারি কলেজে জাল সনদে চাকরির অভিযোগ, প্রভাষকের অপসারণ দাবি

By সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধি :

2 Min Read

জাল সনদ দাখিল, একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি নেওয়ার অভিযোগে নওহাটা সরকারি ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো. আব্দুর রবের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

মঙ্গলবার সকাল ১০টায় কলেজ ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা “জাল সনদের ঠিকানা, এই কলেজে হবে না”, “দুর্নীতিবাজ শিক্ষকের বহিষ্কার চাই”—এমন স্লোগান দেন। বক্তারা বলেন, যাঁর বিরুদ্ধে জালিয়াতি ও একাধিক মামলার অভিযোগ রয়েছে, তাঁর কাছে নৈতিক শিক্ষা আশা করা যায় না।

অভিযোগ রয়েছে, আব্দুর রব অবৈধ ঘোষিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের এমএ সনদ দিয়ে ২০১৫ সালে কলেজে চাকরি নেন। তাঁর আলিম সনদেও টেম্পারিংয়ের প্রমাণ রয়েছে। নিয়োগ পরীক্ষায় সর্বনিম্ন নম্বর পেলেও রাজনৈতিক সুপারিশে তাঁকে চাকরি দেওয়া হয়।

সম্প্রতি শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হলেও সরকারি নিয়ম অনুযায়ী বরখাস্ত না হয়ে বরং অধ্যক্ষের দেওয়া প্রত্যয়নপত্রে জামিনে মুক্ত হন তিনি। এতে প্রতিষ্ঠান প্রধানের নির্লজ্জ পক্ষপাতের অভিযোগ উঠেছে।

প্রভাষক রবের বিরুদ্ধে মোহনপুর থানায় আরও পাঁচটি মামলা রয়েছে। অতীতে তিনি মাদক মামলায় দুইবার জেলও খেটেছেন বলে অভিযোগ।

অভিযোগের বিষয়ে রবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। অধ্যক্ষ আবু সুফিয়ান মোহাম্মদ মোস্তফা জামান প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করলেও গ্রেপ্তারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোয় প্রশ্ন উঠেছে।

আন্দোলনকারীরা তাঁর বরখাস্ত ও স্থায়ী চাকরিচ্যুতির দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এখন শিক্ষা প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *