আগামী ১ নভেম্বর থেকে চার মাসের জন্য পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপে। ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন। প্রথম দুই মাস কেবল দিনের সফরে যাওয়া যাবে, তবে শেষ দুই মাস দ্বীপে অবস্থানের সুযোগ থাকবে।
বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এ তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনও উপস্থিত ছিলেন।
নাসরীন জাহান বলেন, “সেন্টমার্টিন যেহেতু ইউএন ট্যুরিজমের হেরিটেজ এলাকা, তাই প্রবাল সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সীমিতসংখ্যক পর্যটকের প্রবেশ নিশ্চিত করা হচ্ছে।” তিনি আরও জানান, পর্যটক নিয়ন্ত্রণ ও জাহাজ শিল্পের সঙ্গে সমন্বয়ের জন্য একটি সফটওয়্যার চালু করা হচ্ছে, যা ১ নভেম্বর থেকেই কার্যকর হবে।
সচিব আরও জানান, ২০২৪ সালে ইমিগ্রেশন পুলিশসহ বিভিন্ন সূত্র অনুযায়ী বাংলাদেশে ৬ লাখ ২৫ হাজারেরও বেশি বিদেশি পর্যটক এসেছেন। উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “দেশের পর্যটন অবকাঠামো ও সেবার মানোন্নয়ন হলে বিদেশি পর্যটকের সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়বে।”
