নরসিংদীতে ৫০০ টাকা পাওনা নিয়ে দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

By নরসিংদী প্রতিনিধি :

1 Min Read

নরসিংদীর পলাশ উপজেলায় মাত্র ৫০০ টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে ইসমাইল হোসেন (৩৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১০ মে) রাত ৮টার দিকে ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে। স্ত্রী ও মেয়েকে নিয়ে খিলপাড়ায় বসবাস করতেন তিনি। স্থানীয় একটি কারখানায় কাজ করেন তাঁর স্ত্রী, আর মেয়ে পড়ছে সপ্তম শ্রেণিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খিলপাড়ার আফজাল হোসেন (৩৬) ইসমাইলের কাছে ৫০০ টাকা পাওনা ছিলেন। ওই টাকা নিয়ে পূবালী বাজারের পাশে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হলে আফজাল পাশের দোকান থেকে ছুরি এনে ইসমাইলের পেটে আঘাত করেন। স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই আফজাল পালিয়ে যান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “মাত্র ৫০০ টাকা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত আফজালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *