নাটোরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ নিহত ৬

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি এলাকার তরমুজ পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র মাইক্রোবাসের চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম রুবেল হোসেন (৩২), বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়। নিহত ও আহত সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস সকাল সাড়ে ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে মাইক্রোবাসটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, মাইক্রোবাসটি একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত ছয়জনের মধ্যে চারজন নারী এবং দুজন পুরুষ বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *