বিশাল মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের শক্ত অবস্থানের জানান দিলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে চাটমোহর পৌর সদর থেকে শুরু হওয়া এই শোডাউন ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা ঘুরে আবার চাটমোহরে এসে শেষ হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
শোডাউন শেষে কেএম আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, যাকে পাবনা-৩ আসনে প্রাথমিক নমিনেশন দেওয়া হয়েছে বলা হচ্ছে, তার তো নিজ এলাকায় স্থান নেই। তাকে তো নিজ নির্বাচনী এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যে নেতা নিজের বাড়ি ও এলাকায় টিকে থাকতে পারেন না, তিনি এখন এখানে আসছেন। কিন্তু তার পেছনে আমাদের নেতারা নেই।
তিনি আরো বলেন, প্রাথমিক নমিনেশন বলে কিছু নেই। তিনি অন্য এলাকা থেকে এখানে এসেছেন, শুধু কাজের অনুমতি দেওয়া হয়েছে। পাবনা-৩ আমার এলাকা, আমার লোকজন সর্বত্র আছে। আমার সরে যাওয়ার কোনো সুযোগ নেই। চূড়ান্ত মনোনয়ন আমাকেই দেবেন তারেক রহমান—এটাই আমার এক কথা।
সাবেক এই এমপি বলেন, আগে দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। পাবনা-৩ আসনের প্রতিটি এলাকায় আমার উন্নয়ন কাজের ছোঁয়া রয়েছে। আজকের এই বিশাল মোটরসাইকেল শোডাউন মানুষ আমাকে ভালোবেসেই করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বাইরের কোনো প্রার্থীকে এই আসনের মানুষ মেনে নেবে না।
শোডাউন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আলো মাস্টার, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজ জোয়ার্দার, মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিলচলন ইউনিয়ন বিএনপির নেতা গুলজার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ-উল-ইসলাম কাফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল সরকার, সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রনি হোসাইনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

