নির্বাচনি রোডম্যাপ ঘোষণায় হতাশ এনসিপি, বলল সরকারের দায় নিতে হবে

By বিশেষ প্রতিনিধি :

2 Min Read

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনি রোডম্যাপ প্রকাশ করা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। তাদের মতে, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ না করে নির্বাচনের প্রস্তুতি শুরু করলে ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে এবং এর দায়ভার সরকারকেই নিতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

এর আগে দিনেই নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। সেই প্রেক্ষিতেই এনসিপি এই সংবাদ সম্মেলন করে।

আরিফুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে, যেখানে এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দল নিজেদের মতামত দিয়েছে। ঐকমত্য কমিশন প্রণীত জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না থাকায় তারা হতাশ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একতরফাভাবে নির্বাচনের সময়সূচি ঘোষণা তাদের হতবাক করেছে। তখন বলা হয়েছিল, ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগে নির্বাচন আয়োজন করা যেতে পারে, তবে তার আগে সংস্কার ও বিচারের বিষয়ে অগ্রগতি জরুরি।

আরিফুল ইসলাম বলেন, নির্বাচনবিরোধী নয় এনসিপি। তবে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত নিশ্চিত করলেই নির্বাচন আয়োজনের পথ সুগম হবে। অন্যথায় অসম্পূর্ণ সংস্কার রেখে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব (কোষাধ্যক্ষ) সাইফ মোস্তাফিজ, জয়নাল আবেদীন শিশির, মুসফিকুস সালেহীন, আরিফ সোহেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *