নির্বাচন এগিয়ে আসতে পারে, প্রস্তুতির ওপর নির্ভর করবে সময়সূচি

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর আগে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বললেও এখন তিনি মনে করছেন, প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার আগেই নির্বাচন সম্ভব হতে পারে। শুক্রবার (১৩ জুন) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সাংবাদিকদের খলিলুর রহমান বলেন, “আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করেন। বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন, আগামী বছরের রমজানের আগেই যেন নির্বাচন সম্পন্ন করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এ সময়কালকে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত বলে মত দিয়েছেন।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা পূর্বঘোষিত সময় এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। তবে বিচার ও সংস্কার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হলে নির্বাচন রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারিতেও আয়োজন সম্ভব।”

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, বিএনপি প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানিয়েছে এবং রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে আলোচনার দরজা খোলা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এছাড়াও, নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানান খলিলুর রহমান। তিনি বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে কোনো জটিলতা নেই। সবকিছুই এখন যৌথ বিবৃতিতে বলা আছে। আমরা আশাবাদী, নির্বাচন কমিশন খুব শিগগির তারিখ ঘোষণা করবে।”

প্রসঙ্গত, এই বৈঠকটি ২০০৮ সালে লন্ডনে যাত্রা শুরুর পর থেকে তারেক রহমানের কোনো সরকারপ্রধান বা তার প্রতিনিধির সঙ্গে প্রথম সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। এ বৈঠক ঘিরে দেশের রাজনীতিতে নয়া গতি আসার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *