নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ফাইল ছবি।

নির্বাচন কমিশন (ইসি) একটি বৃহৎ রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করছে—এমন অভিযোগ তুলে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২০ মে) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন এনসিপির নেতারা। এ সময় তারা ঘোষণা দেন, বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটির অবৈধ নির্বাচনের পর জটিল রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর জন্য কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকা দায়ী।”

তিনি বলেন, ওই মামলায় কমিশন নিজেকে পক্ষ থেকে সরিয়ে রেখেছে এবং উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করেই মামলার বাদীকে সুবিধা দিয়েছে।

আখতার হোসেন আরও বলেন, “রায় ঘোষণার আগেই ঢাকা দক্ষিণের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই রাতারাতি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। যা প্রমাণ করে তারা নিরপেক্ষ থাকেনি।”

তিনি দাবি করেন, বর্তমান কমিশন গঠিত হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত নিয়োগ আইন-২০২২ অনুসারে, যা তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছিল।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *