প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাজ হলো নির্বাচনকে সামনে এগিয়ে নেওয়া। তবে কিছু পক্ষ নির্বাচন পর্যন্ত সরকারকে যেতে দিতে চায় না। তারা নানা রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিছু লক্ষণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে, সামনে আরও আসতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য দেন।
অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে অনন্য, এটি শুধু অন্তর্বর্তী সরকারের নয়, বরং দেশের সব মানুষ ও সব রাজনৈতিক দলের নির্বাচন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো যারা কখনও ভোট দিতে পারেননি, তাদের জন্য ভালো অভিজ্ঞতা নিশ্চিত করা। অতীতে যারা তিক্ত অভিজ্ঞতা পেয়েছেন, তারাও যেন এবার নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
তিনি আরও বলেন, প্রতি পদে পদে বাধা আসবে, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হবে। কিন্তু আমাদের স্থির থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব।
দুর্গাপূজার সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, উৎসবকে কেন্দ্র করে গণ্ডগোল তৈরির চেষ্টা হতে পারে। তাই সবার দায়িত্ব হলো সতর্ক থেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। এবারের দুর্গাপূজা উৎসবমুখরভাবেই পালিত হবে।
বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ অংশ নেয়।
