নির্বাচন বানচালে একটি গোষ্ঠী চক্রান্ত করছে: মির্জা ফখরুল

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। উগ্রবাদের কথা বলে তারা মানুষকে বিভক্ত ও বিভাজিত করার চেষ্টা করছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ দুঃশাসন ও নির্যাতনের পর আমরা একটি অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই বাংলাদেশে নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।”

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেন—সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু, বড় জাতি বা ক্ষুদ্র জাতি—এভাবে কাউকে ভাগ করা যাবে না। আমরা সবাই বাংলাদেশি এবং সবার অধিকার সমান।

তিনি আরও বলেন, অতীতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো সুবিচার পায়নি। তবে তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা। সেখানে ‘রেইনবো বাংলাদেশ’ গঠনের অঙ্গীকার রয়েছে।

“আমরা চাই সবাইকে নিয়ে সত্যিকার অর্থে রেইনবো জাতি গঠন করতে। কিন্তু আজকে দুঃখজনকভাবে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা বিভাজনের রাজনীতি করছে। আমাদের দায়িত্ব হবে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার লড়াই করা।” — যোগ করেন মির্জা ফখরুল।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জন জেত্রা। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাধারণ সম্পাদক শিশির দিও, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রংসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *