বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যদি নির্বাচন বিলম্বিত হয়, তবে পতিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দেবে। এতে গণতন্ত্র ও রাষ্ট্রের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, বৈধ ও সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া সংবিধান পরিবর্তনের অধিকার কারও নেই। এমন দৃষ্টান্ত তৈরি হলে ভবিষ্যতে আবারও সংবিধান পরিবর্তনের দাবি উঠবে, যা দেশের জন্য বিপজ্জনক।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের অভিপ্রায় প্রকাশ পেয়েছে। সেই অভিপ্রায়ের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যা আমরা বৈধ প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে বলে মনে করি।
পিআর (Proportional Representation) পদ্ধতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষই পিআর পদ্ধতি বোঝে না। এমন পরিস্থিতিতে সেই পদ্ধতি প্রয়োগ করা জাতিকে বিভ্রান্ত করার শামিল।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যে ঐকমত্যগুলো হয়েছে, তা বাস্তবায়িত হচ্ছে। তবে সংবিধানের সংশ্লিষ্ট অংশ বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদের ভূমিকা অপরিহার্য।
সভায় সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হারুন। এতে আরও বক্তব্য দেন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণদলের সভাপতি এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান, এবং বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।
