নেপালের রাজধানী কাঠমান্ডুর নিউ বনেশ্বর এলাকায় জেনারেশন জেড (Gen Z) তরুণদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে পুলিশের গুলিতে সোমবার বিকেল ৪টা পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
ন্যাশনাল ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. দিপেন্দ্র পাণ্ডে জানান, তাদের হাসপাতালে সাতজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ১০ জনের মাথা ও বুকে গুলির আঘাত রয়েছে। এ ছাড়া ২০ জনের বেশি আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
এভারেস্ট হাসপাতালের কর্মকর্তা অনিল আধিকারী জানিয়েছেন, সেখানে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহনচন্দ্র রেগমি জানান, তাদের হাসপাতালে দুইজন মারা গেছেন। কেএমসি ও মহারাজগঞ্জের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে একজন করে মারা গেছেন।
নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও সরাসরি গুলি চালায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ আর সরকারি দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এ আন্দোলন এখন শুধু কাঠমান্ডুতেই সীমাবদ্ধ নয়; দেশের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়ছে।

