পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

2 Min Read

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। শনিবার (৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া জামাত শেষ হয় ৭টা ৪৩ মিনিটে।

এবারের প্রধান জামাতে ইমামতি করেন খ্যাতিমান ইসলামি চিন্তাবিদ, হাদিস বিশারদ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে তিনি খুতবা পাঠ করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন।

প্রধান জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের কূটনীতিকরা জামাতে অংশ নেন। সাধারণ মুসল্লিদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও নামাজ আদায় করেন।

ভোর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের উপস্থিতি শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সারি সারি কাতারে দাঁড়িয়ে মানুষ ঈদের নামাজ আদায় করেন। বাবা-মায়ের হাত ধরে অনেক শিশুও জামাতে অংশ নেয়, ঈদগাহজুড়ে বিরাজ করে এক আনন্দঘন পরিবেশ।

এবারের ঈদের প্রধান জামাতের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেন। নারী মুসল্লিদের জন্যও ছিল পৃথক নামাজের ব্যবস্থা।

মুসল্লিদের নিরাপত্তা ও আয়োজনে শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। পুরো আয়োজনজুড়েই ছিল উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *