পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে। তাঁর অনুপস্থিতিতে রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জসীম উদ্দিনের ছুটিতে যাওয়ার প্রেক্ষিতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রুহুল আলম সিদ্দিকী দৈনন্দিন কার্যসম্পাদন করবেন।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা রুহুল আলম সিদ্দিকী চলতি বছরের ২০ জুন অবসরে যাচ্ছেন। এর আগেই তিনি পররাষ্ট্রসচিবের দায়িত্বভার সাময়িকভাবে গ্রহণ করলেন।
এদিকে সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁকে শিগগিরই ঢাকায় ফিরিয়ে এনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
সরকারের উচ্চপর্যায়ে চলমান নীতিনির্ধারণী রদবদলের অংশ হিসেবেই এই রদবদল হচ্ছে বলে কূটনৈতিক সূত্রে আভাস পাওয়া গেছে।
