পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি ব্যাংক ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো: এক্সিম ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং এনআরবিসি ব্যাংক পিএলসি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, এসব ব্যাংকের আয় ও সম্পদমূল্য উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।
এক্সিম ব্যাংক সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (EPS) দেখিয়েছে মাত্র ১৮ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ২ টাকা ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২১ টাকা ৮২ পয়সা। বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডাকেছে ব্যাংকটির পর্ষদ। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক হিসাব বছর শেষে ৬৬ পয়সা ইপিএস দেখিয়েছে, আগের বছর যা ছিল ২ টাকা ৪ পয়সা। এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৮৫ পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট, রেকর্ড ডেট ২৯ জুন।
এসবিএসি ব্যাংক এর ইপিএস কমে দাঁড়িয়েছে ১৩ পয়সায়, যা পূর্ববর্তী বছর ছিল ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। এনএভিপিএস হয়েছে ১৩ টাকা ৪৫ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা হবে ১৯ আগস্ট, রেকর্ড ডেট ২৬ জুন।
স্ট্যান্ডার্ড ব্যাংক এবছর ৭৪ পয়সা ইপিএস দেখিয়েছে, আগের বছর যা ছিল ১ টাকা ২৪ পয়সা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৩ পয়সায়। এজিএম ১৪ আগস্ট, রেকর্ড ডেট ২৯ জুন।
এনআরবিসি ব্যাংক ২০২৪ সালের হিসাব বছরে ইপিএস দেখিয়েছে মাত্র ৮ পয়সা, যেখানে আগের বছর ছিল ২ টাকা ৪০ পয়সা। এনএভিপিএস হয়েছে ১৬ টাকা ৫৫ পয়সা। এজিএম হবে ২১ আগস্ট এবং রেকর্ড ডেট ২৬ জুন নির্ধারণ করা হয়েছে।
এই পাঁচ ব্যাংকের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্তে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
