এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত সূচনা করেও ১৯.১ ওভারে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাটিং বিপর্যয় সামলে তিলক ভার্মার ঝোড়ো ইনিংসে ভর করে ২ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় ভারত।
রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে ৯.৪ ওভারে ৮৪ রান তুলেছিলেন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। তবে এরপর থেকেই ধস নামে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে। ফারহান ৩৮ বলে ৫৭ ও ফখর ৩৫ বলে ৪৬ রান করলেও বাকিরা টিকতে পারেননি। শেষদিকে মাত্র ১০ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে দলটি অলআউট হয়।
ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব, ৪ ওভারে ৩০ রানে নেন ৪ উইকেট। বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত শুরুতে চাপে পড়ে। ২০ রানে ৩ উইকেট হারিয়ে বসার পর দলের হাল ধরেন তিলক ভার্মা। প্রথমে সানজু স্যামসনের সঙ্গে ৫৭ রানের জুটি, এরপর শিভম দুবের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৫৪ বলে অপরাজিত ৬৯ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিলক।
ভারত ১৮.৪ ওভারে জয় নিশ্চিত করে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা জেতে। এবারের আসরে গ্রুপ পর্ব ও সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ফাইনালেও ধরে রাখল তারা।

