পিরোজপুর জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গাওখালী বাজার কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন।
গত ২১ সেপ্টেম্বর বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পিরোজপুর জেলা বিএনপি’র ৪ সদস্যের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। এতে জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খানকে আহ্বায়ক এবং জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব করা হয়। এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে ১নং সদস্য রাখা হয়।
৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক ফিরোজ কিবরিয়া বলেন, “পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বকে জেলা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের নেতৃত্বে কাজ করব।”
একই ইউনিয়নের সাবেক সদস্য সচিব ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গঠিত এ কমিটির প্রতি আস্থা রেখে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি’র আদর্শে কাজ করে যাব। আগামী নির্বাচনে পিরোজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করা হবে।”
