পুলিশ একাডেমিতে ১৬৮তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

By নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

1 Min Read

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে আজ অনুষ্ঠিত হয়েছে ১৬৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। মনোজ্ঞ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ব্যারিস্টার মো. জিল্লুর রহমান।

প্রধান অতিথি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও পরিদর্শনের পর বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ১৬৮তম ব্যাচে মোট ৩৫৭ জন প্রশিক্ষণার্থী চার মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেন।

ব্যাচের মধ্যে মো. সাব্বির হোসেন (পিএ/৩২০) প্রশিক্ষণে সামগ্রিকভাবে সেরা হয়ে বেস্ট টিআরসি এবং বেস্ট একাডেমিক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন। মো. রকি হাসান (পিএ/১২৮) নির্বাচিত হন বেস্ট ইন ফিল্ড অ্যাকটিভিটিজ হিসেবে এবং মো. নূরনবী মিয়া (পিএ/৫৫১) হন বেস্ট শুটার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন কনস্টেবলদের উদ্দেশে দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, “পুলিশ সদস্যদের দায়িত্ব শুধু আইন প্রয়োগ নয়, জনগণের আস্থা অর্জন করাও জরুরি। আপনাদের প্রতিটি কাজ যেন হয় পেশাদারিত্ব ও মানবিকতা নির্ভর।”

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, সামরিক-বেসামরিক প্রশাসনের কর্মকর্তাসহ পার্শ্ববর্তী জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাপনী কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

গত ৫ আগস্ট শুরু হওয়া চার মাসব্যাপী প্রশিক্ষণ শেষে আজকের কুচকাওয়াজের মধ্য দিয়ে ১৬৮তম ব্যাচের এই সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সম্পন্ন করলেন, যা ছিল উৎসাহ, গর্ব এবং আনুষ্ঠানিকতার এক অনন্য আয়োজন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *