সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন গুলশান মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।
তিনি জানান, কিছু বিষয়ে সংশ্লিষ্টতার কারণে শাহেদকে থানায় আনা হয়েছে। তদন্তে প্রমাণ মিললে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে, গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে জুলাই-অগাস্টের গণআন্দোলনে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি তিনি বর্তমানে কারাগারে আছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের অগাস্টে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই দুর্নীতি দমন কমিশন (দুদক) কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।

