প্রথমবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ

By স্পোর্টস ডেস্ক :

1 Min Read
একমাত্র গোল উদযাপন। ছবি: বাফুফে

প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে বাংলাদেশ নারী জাতীয় দলও প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

রোববার লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে বাছাইপর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারলেও পয়েন্ট তালিকার সমীকরণে মূল পর্বে জায়গা নিশ্চিত হয় লাল-সবুজের মেয়েদের। গ্রুপ ‘এইচ’-এ রানার্সআপ হওয়া বাংলাদেশকে রানার্সআপদের মধ্যে সেরা তিনে থাকতে হতো। দিনের অন্য ম্যাচে ‘ই’ গ্রুপের চীন লেবাননকে ৮-০ গোলে হারালে বাংলাদেশ সেরা তিনে থেকে মূল পর্বে খেলার টিকিট পায়।

৬ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় এশিয়ার ৩৩টি দল অংশ নেয়। বাছাইপর্ব থেকে আট গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি মূল পর্বে যাবে, আর রানার্সআপদের মধ্যে সেরা তিন দল সুযোগ পাবে। স্বাগতিক থাইল্যান্ডকে নিয়ে ১২ দল খেলবে আগামী এপ্রিলের মূল আসরে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। ১৫ মিনিটে ম্যাচের প্রথম গোল দেয় পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধ শেষে ছিল ১-১ সমতা। কিন্তু দ্বিতীয়ার্ধে কোরিয়ানদের আক্রমণে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ, ৮৭ থেকে ৯৪ মিনিটের মধ্যে হজম করে শেষ তিন গোল।

এর আগে গ্রুপ পর্বে স্বাগতিক লাওসকে ৩-১ এবং তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-২০ মেয়েরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হার দিয়ে শেষ হলেও টুর্নামেন্টে তাদের অসাধারণ যাত্রা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *