অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পৃথিবীর কোনো শক্তি এই ভোট ঠেকাতে পারবে না, এমন দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে, যেন কোনো পক্ষ সহিংসতা বা বিশৃঙ্খলার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র বা বাধা আসলেও তা মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত রয়েছে। ভোট যেন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়েও দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব শফিকুল আলম জানান, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

