ফেনীর ফুলগাজীতে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, আঙুল বিচ্ছিন্ন

By আব্দুল্লাহ আল মামুন, ফেনী :

2 Min Read

ফেনীর ফুলগাজী উপজেলার গাইনবাড়ি এলাকায় মীর হোসেন মীরু (৪৫) নামের এক বিএনপি নেতার ওপর সঙ্ঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলায় তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

মীর হোসেন মীরু ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকার বাসিন্দা। তিনি ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মীরু ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের গাইনবাড়ি এলাকায় নিজের দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মীর হোসেনের সঙ্গে কয়েকজনের রাজনৈতিক ও পারিবারিক দ্বন্দ্ব ছিল। ধারণা করা হচ্ছে, সেই পুরোনো বিরোধের জের ধরেই এই হামলা হতে পারে।

মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন বাবু বলেন, “মীরু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হামলায় তার দুই হাতের বাহু ও তালুতে গুরুতর জখম হয়েছে এবং শরীর থেকে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আমরা ফুলগাজী থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি।”

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, এই ঘটনার পেছনের কারণ নিশ্চিতভাবে জানতে এখনও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা হামলা করেছে, তা জানতে তদন্ত চলছে। মীরুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *