ফেনীর মটুয়া সীমান্তে ১৩ জনকে পুশ ইন করলো ভারতের বিএসএফ

By আব্দুল্লাহ আল মামুন, ফেনী :

1 Min Read
মটুয়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে।

বিজিবি জানায়, ঘটনার দিন বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ প্রথমে আটক ব্যক্তিদের হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত পিলার ২১৯৪-৪-এস এলাকায় তাদের হাত ও চোখের বাঁধন খুলে কৌশলে বাংলাদেশে পুশ ইন করে। একপর্যায়ে তারা মটুয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করলে বিজিবি তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে ছয় জন শিশু এবং তিন জন নারী রয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে ইটভাটায় কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছিলেন।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন নিউজ নেক্সটকে বলেন, ‘আটক ১৩ জনকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজিবি জানিয়েছে, পুশ ইনের ঘটনা বন্ধ করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *