ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন প্রতিহত করার মতো কোনো শক্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। কোনো শক্তি নেই এটা ঠেকানোর।”
রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ভোট আয়োজনের পরিবেশ আছে কিনা জানতে চাইলে শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের বছরের তুলনায় খারাপ হয়নি। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানই তার প্রমাণ দেবে।
এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের প্রসঙ্গ টেনে তিনি জানান, প্রধান উপদেষ্টা সবার চিকিৎসা নিশ্চিতে বদ্ধপরিকর। প্রয়োজনে নুরকে বিদেশেও নেওয়া হবে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ফোনে নুরের সঙ্গে কথা বলেছেন এবং হামলার ঘটনায় সমবেদনা ও নিন্দা জানিয়েছেন।
