অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। তিনি বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা চলছে, যাতে প্রতিটি ভোটার ভোট দেওয়ার সুযোগ পান। ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। শান্তি-শৃঙ্খলার মধ্যেই সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে কে জিতেছে, কে হেরেছে সেটা আমাদের বিষয় নয়; আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সফল হয়েছি। প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কবি ফররুখ আহমেদের বাড়ি প্রসঙ্গে প্রেসসচিব জানান, রেললাইন নির্মাণে কবির বাড়িটি অক্ষত রাখা হবে। মধুখালী হয়ে যে রেললাইন নির্মাণ হচ্ছে, সেটি প্রথমে কবির বাড়ির ওপর দিয়ে যাওয়ার কথা থাকলেও পরিবারের অনুরোধে এখন বাড়ি ঘেঁষে নয়, পাশ দিয়ে নেওয়া হবে। রেলওয়ে ও সড়ক বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু করেছেন।
