‘ফ্যাসিবাদের দোসরদের’ হামলা, ২৪ ঘণ্টায় বিচার দাবি এনসিপির

2 Min Read

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে সশস্ত্র হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। এনসিপি এই হামলার জন্য ‘পতিত ফ্যাসিবাদের দোসরদের’ দায়ী করেছে।

রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং তিনিও আহত হন। ঘটনার পর তিনি দ্রুত সরে গিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে আশ্রয় নেন। সেখানে পরে শত শত মানুষ জড়ো হন।

ঘটনার পর দুজনকে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, হামলার পর পুলিশের অভিযানে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হামলার প্রতিবাদে এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি দাবি করে, হামলার আগের দিন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আবদুল্লাহকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছিল। প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রলীগকে ‘নিষিদ্ধ ফ্যাসিবাদী ছাত্রসংগঠন’ হিসেবে উল্লেখ করে দলটি দাবি করে, এ হামলার পেছনে ছাত্রলীগের সক্রিয় ভূমিকা রয়েছে।

দলের দপ্তর বিভাগের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার প্রতিবাদে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, বরিশাল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রংপুরসহ একাধিক শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

এনসিপি দাবি করে, গত ৯ মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি ও তাদের পরিবারের ওপর মোট ৩৬টি হামলার ঘটনা ঘটেছে, যাতে ৮৯ জন আহত এবং ১ জন নিহত হয়েছেন।

দলটি অভিযোগ করে, জুলাই মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার কার্যকরভাবে না হওয়ায় এই হামলার মতো ঘটনা বারবার ঘটছে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে।

আরও পড়ুন : গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে দুর্বৃত্তদের হামলা

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *