নির্বাচন কমিশন ঘোষিত নতুন আসন বিন্যাসে সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে যুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তারা দাবি জানান, এ দুটি ইউনিয়নকে পূর্বের মতোই ঢাকা-১৯ আসনে বহাল রাখা হোক।
রোববার (২৪ আগস্ট) সকালে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান মানববন্ধনে বলেন, “আমরা বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নের মানুষ সারাজীবন ঢাকা-১৯ আসনে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। আমাদের জোর করে ঢাকা-২ আসনে নেওয়া হলে ভোগান্তি বাড়বে।”
স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের দাবি না মানা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
তারা আরও বলেন, বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত করলে প্রায় ছয় লাখ মানুষের দুর্ভোগ বাড়বে। দ্রুত সমাধান না হলে তারা কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
