বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

By ববি প্রতিনিধি :

2 Min Read

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে হিসাববিজ্ঞান (অ্যাকাউন্টিং) ও বিপণন (মার্কেটিং) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় হিসাববিজ্ঞান বিভাগের মুস্তাফিজ নামের এক শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসলে বিশ্ববিদ্যালয়ের পাশের বিটেক ভবনের ভেতরে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি বেঁধে যায়। এতে মার্কেটিং বিভাগের তিনজন শিক্ষার্থী আহত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ঘটনার জেরে সন্ধ্যায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ভোলা রোডে গিয়ে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের খুঁজতে গেলে, বিটেক ভবনে থাকা হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, “দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমি উপস্থিত হয়ে তাদের শান্ত করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। শিগগিরই দুই পক্ষকে নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর হোসেন বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে তিনজন উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। আপাতত উভয় পক্ষকে শান্ত করা গেছে। দ্রুত দুই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসে সমাধান করা হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *