বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত দেশ: শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক

2 Min Read

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশ কোনো দরিদ্র দেশ নয় বরং একটি অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ। তার ভাষায়, আমাদের অগাধ সম্পদ আছে। কিন্তু সেটাকে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই দেশ ফেরেশতা পেলেও কয়েক মাসে ঠিক করা সম্ভব না।

শনিবার (৩ মে) ‘পিএফএস পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ওয়াটার কিপার্স বাংলাদেশ

উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, জুলাই আন্দোলনে ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন, ১৫০০ মানুষ মারা গেছেন। এটাকে মুছে ফেলা যাবে না। আমরা চাই, সব রাজনৈতিক দল নিজেদের সংস্কার করুক, তারপর একসাথে কাজ করি। দলগুলোর উচিত এখনই সুচিন্তিত পরিকল্পনা নিয়ে সামনে আসা।

তিনি বলেন, আমরা গার্মেন্টস সেক্টরকেও এখনো নীতির আওতায় আনতে পারিনি। যারা শ্রমিককে ৫ টাকা বেশি দিতে চায় না, তারা নদী রক্ষা করবে কীভাবে? অর্থনীতির সর্বস্তরে এক ধ্বংসাত্মক চর্চা চলছে। ৫৪ বছর ধরে আমরা ভুল নীতি আঁকড়ে ধরে আছি।

বর্তমান সময়কে ‘নীতিমালা তৈরির মোক্ষম সময়’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমাদের সময় খুব সীমিত। পরিবেশ আন্দোলনকারীদের এখনই সক্রিয় হতে হবে। অন্তর্বর্তী সরকারের দরজা খোলা আছে, আসুন সবাই মিলে নদী ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসি।”

তিনি আরও বলেন, আমাদের পানিতে এখনো আর্সেনিক পাওয়া যায়। আমরা এখনো ভূ-উপরিস্থ সুমিষ্ট পানি শোধন ও সংরক্ষণে ব্যর্থ। অথচ এই পানিই আমাদের সবচেয়ে বড় সম্পদ। কোনো একটি ইন্ডাস্ট্রি এসে সেই পানি ধ্বংস করে দিচ্ছে, আর স্থানীয় মানুষ কিছুই বলতে পারছে না—এটা দুঃখজনক।

উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিবেশ ধ্বংস হলে মানুষের সুরক্ষাও থাকে না। আমরা এখন খুব পলিউটেড অবস্থায় আছি, আর একা সরকারের পক্ষে এই দুরবস্থা সামাল দেওয়া সম্ভব নয়। সবার হাত মেলানো জরুরি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *