পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে আটক দুজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে একদল ডাকাত আদাবাড়িয়া ইউনিয়নের খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করে এবং প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
এ সময় পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। তবে ডাকাত দলের অন্য সদস্যরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
