বাঘারপাড়ায় বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

যশোরের বাঘারপাড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ও বাঘারপাড়ার পুকুরিয়া গ্রামের সন্তান নিক্কন আঢ্য, যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন এবং শহরতলীর ভেকুটিয়ার আবু জাফর। আবু জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল-যশোর মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ বাসের ভেতরে ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই বাসযাত্রী আক্তার হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আবু জাফর ও এসআই নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আবু জাফরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও অবস্থার অবনতি হওয়ায় পথে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, “দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *