বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার মতে, তারেক রহমান দেশে ফিরলেই বিএনপির নির্বাচনী প্রচারণার অর্ধেক কাজ শেষ হয়ে যাবে।
রোববার (৭ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনী প্রচারণার কাজ অর্ধেক হয়ে যাবে। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক ও সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যা জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো বা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে কোনো লাভ নেই। সারাদেশে ইতিমধ্যেই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
বিএনপি নেতা বলেন, আমি বলছি না তখনই নির্বাচন হয়ে যাবে, তবে তারেক রহমান দেশে ফিরলেই বিএনপির নির্বাচনী প্রচারণা অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। প্রচারণাই নির্বাচনের মূল বিষয়, আর সেই প্রচারণা তখন সারাদেশে ছড়িয়ে পড়বে।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনকে তিনি একটি অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা হিসেবেও উল্লেখ করেন।

