বুধবার থেকে সরকারি অফিসে টানা চারদিনের ছুটি

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টানা চার দিনের ছুটি। দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা।

তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার খোলা থাকায় সেসব প্রতিষ্ঠানের কর্মীরা চার দিনের বদলে একদিন কম ছুটি পাবেন।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে। আর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে যোগ হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা চারদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন।

আগের সরকার আমলে ঈদে তিনদিন ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকত। তবে বিশেষ পরিস্থিতিতে নির্বাহী আদেশে সেই মেয়াদ বাড়ানো হতো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

সে বছর দুর্গাপূজায়ও একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছিল, ফলে সরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক ছুটি মিলিয়ে চারদিন ছুটি উপভোগ করেছিলেন। গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। সেই তালিকা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি বছরের সরকারি ছুটি ঘোষণা করে।

এতে দেখা যায় পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিনের ছুটি রাখা হয়েছে। এবার দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো টানা ৯ দিন বন্ধ থাকবে। তবে শুরুতে দুদিন সাপ্তাহিক ছুটি মিলে মোট ১১ দিন স্কুল বন্ধ থাকবে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে ছুটি থাকবে আরও বেশি ১০ দিনের দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ২ দিন যোগ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে টানা ১২ দিন।

অন্যদিকে আলিয়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে মাত্র ২ দিন ১ ও ২ অক্টোবর। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি কার্যকর হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *