বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি বেসিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এসময় বেসিসের বেশ কয়েকজন সদস্য ও সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বোর্ডরুমে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় নবনিযুক্ত প্রশাসক তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের জন্য বেসিস সচিবালয় ও সদস্যদের সহযোগিতা কামনা করেন।
এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার মহাপরিচালক (অঃদাঃ) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে সরকারের অনুমোদনক্রমে আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানকে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

