কক্সবাজারের টেকনাফে একটি ব্রিজের নিচ থেকে মো. ইউনুস সিকদার নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্টের রাস্তার মাথা ব্রিজের নিচ থেকে টেকনাফ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ইউনুস সিকদার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক ছিলেন। তিনি সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহাম্মদ কাশেমের ছেলে।
পুলিশ জানায়, কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত ও তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে পানিতে দুই হাত উঁচু অবস্থায় একটি মৃতদেহ ভাসতে দেখে মুসল্লিরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, ইউনুস আমার ছোটবেলার বন্ধু। এ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী জানান, দুদিন আগেও সে নির্বাচনের বিষয়ে আমার সঙ্গে কক্সবাজারে কথা বলেছিল। সকালে শুনেছি তার লাশ উদ্ধার করা হয়েছে। আমরা তার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
