ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে রক্তাক্ত বিকেল, নিহত অন্তত ২৬ পর্যটক

By আন্তর্জাতিক ডেস্ক

2 Min Read

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাহালগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বাইসরন উপত্যকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটনাস্থলে উপস্থিত পর্যটক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে সশস্ত্র হামলাকারীরা হঠাৎ করেই পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে এবং বহু মানুষ আহত হন।

কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, হামলার সময় ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পর্যটকদের আলাদা করা হচ্ছিল।

ভারতীয় মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, আতঙ্কে লোকজন ছোটাছুটি করছে এবং ঘটনাস্থলের দিকে ভারতীয় সেনাসদস্যরা দ্রুত ছুটে যাচ্ছেন। সেনা সূত্র জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে সামরিক হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় বলেন, সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিকদের ওপর চালানো যেকোনো হামলার তুলনায় এটি ভয়াবহ।

হামলার খবর পেয়ে সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন এবং দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। অমিত শাহ রাতেই দিল্লিতে নিজ বাসভবনে জরুরি বৈঠক করেন। বৈঠকে গোয়েন্দা প্রধান তপন ডেকাসহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে মনোজ সিনহা জানান, পাহালগামে এই নৃশংস হামলায় জড়িতদের চরম মূল্য দিতে হবে।

এদিকে, গোটা এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় এখনো হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। কিছু সংবাদমাধ্যম নিহতের সংখ্যা পাঁচ বলে জানিয়েছে, তবে এনডিটিভি সহ একাধিক সূত্রে তা ২৬ জন বলে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *