মর্গে লাশের চোখ গায়েব: পরিবার বলছে ‘চুরি’, কর্তৃপক্ষের দাবি ‘ইঁদুরে খেয়েছে’

রংপুর প্রতিনিধি :

2 Min Read

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রকেম) মর্গে রাখা এক মৃতদেহের দুই চোখ নেই এমন বিস্ময়কর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, মরদেহ থেকে চোখ চুরি করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে, লাশের চোখ দু’টি খেয়ে ফেলেছে ইঁদুর।

ঘটনাটি মঙ্গলবার (২৭ মে) রংপুর নগরীর বুড়িরহাট বাহারদুর সিংহ জিপের পার গ্রামে সংঘটিত একটি পারিবারিক বিরোধের জেরে ঘটে। নিহত মাসুম মিয়া ওই গ্রামের নাসিম উদ্দিনের ছেলে। ধান কাটাকে কেন্দ্র করে মাসুম মিয়ার শ্যালক সায়েদুরের সঙ্গে বিরোধ হয়। এক পর্যায়ে সায়েদুরের লোকজন মাসুম ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মাসুমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের হিমঘরে রাখে। কিন্তু বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ বের করলে দেখা যায় তার দুটি চোখই নেই। বিষয়টি জানাজানি হতেই শোকস্তব্ধ ও ক্ষুব্ধ হয়ে পড়ে মাসুমের পরিবার।

নিহতের প্রতিবেশী আব্দুল জলিল বলেন, “সরকারি হাসপাতালে যদি মরদেহও নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা কর্মীরা অভিযোগ করেছেন, বারবার অনুরোধ করা হলেও মর্গের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মানিক ইসলাম বলেন, “হিমঘরে ইঁদুরের উৎপাত বেড়েছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।”

রকেম হাসপাতালের উপপরিচালক আ এ আখতারুজ্জামান বলেন, “এটি দুঃখজনক। তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। গিয়ে দেখি লাশের দুই চোখ নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের অব্যবস্থাপনা, মর্গের নিরাপত্তা ব্যবস্থা এবং মৃতদেহের প্রতি শ্রদ্ধা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *