মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারে হামলা, ভাই নিহত

এরশাদ মিঞা, মির্জাপুর :

2 Min Read

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রফিকুল উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর হলিদ্রাচালা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সাংবাদিক শামসুল আলমের ছোট ভাই।

সোমবার (১০ জুন) সকালে নিজ বাড়ির সীমানায় গাছের চারা লাগানোর সময় এ ঘটনা ঘটে। হামলায় সাংবাদিক শামসুল আলমও আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একই গ্রামের কাবেল উদ্দিনের ছেলে আয়নাল মিয়া (৫০) ও তার স্ত্রী সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রফিকুল ইসলাম নিজ জমির সীমানা বরাবর গাছের চারা রোপণ করছিলেন। এ সময় প্রতিবেশী আয়নাল ও তার স্ত্রী সেলিনা এসে গাছ লাগাতে নিষেধ করেন। কথা কাটাকাটির একপর্যায়ে তারা রফিকুলকে কিল-ঘুষি মারতে থাকেন। রফিকুল মাটিতে পড়ে গেলে তারা তার বুকের ওপর বসে বেপরোয়াভাবে মারধর চালান।

খবর পেয়ে বড় ভাই সাংবাদিক শামসুল আলম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত রফিকুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ আয়নাল ও তার স্ত্রী সেলিনাকে গ্রেপ্তার করে। নিহতের ভাই শামসুল আলম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “জমিজমা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *