মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নৌ–পুলিশ মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, বিভুরঞ্জন সরকারের স্বজনরা ঘটনাস্থলে যাচ্ছেন। কীভাবে তিনি সেখানে গেলেন এবং মৃত্যুর কারণ কী, তা তদন্ত করা হচ্ছে।

নৌ–পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে তিনি একদিন আগে মারা গেছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

কলাগাছিয়া নৌ–ফাড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, শুক্রবার দুপুরে মরদেহ ভাসতে দেখা যায়। পরে ছবি পাঠিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। উদ্ধারের সময় তাঁর গলায় চশমা ঝুলছিল।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বৃহস্পতিবার রাতে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি মোবাইল ফোন বাসায় রেখে বের হওয়ায় সর্বশেষ অবস্থান জানা যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাঁর গতিপথ খোঁজা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সকালে বনশ্রীর আজকের পত্রিকা কার্যালয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলেও তিনি অফিসে যাননি। ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *