মেঘালয়ে আটক ও মারধরের পর বাংলাদেশি যুবকের মৃত্যু

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
আকরাম

ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় আটক ও মারধরের পর আকরাম নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে দক্ষিণ গারো পাহাড়ের মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকরামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহেশখোলা সীমান্তের ওপারে খনজয় এলাকার কৈঠাকোণা গ্রামের একটি বনে গ্রামবাসীরা তাকে ধরে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, আকরাম অনুপ্রবেশ ও এক আদিবাসী যুবকের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ছিলেন।

মেঘালয় পুলিশের তথ্য অনুযায়ী, গত চার দিনে আকরামসহ মোট ছয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজন রিমান্ডে এবং দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের গ্রুপে আট বাংলাদেশি ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপলাং জিরওয়া বলেন, গ্রামবাসীর হাতে ধরা পড়া আহত আকরামকে প্রথমে মহেশখোলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। এরপর ময়নাতদন্তের জন্য তার মরদেহ মওকিরওয়াট সিভিল হাসপাতালে পাঠানো হয়।

একটি স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গুরুতর আহত অবস্থায় বিএসএফ ও নংঘিল্লাম থানা পুলিশ আকরামকে মহেশখোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক না থাকায় তাকে অ্যাম্বুলেন্সে খড়লয় হাসপাতালে পাঠানো হয়, যেখানে পৌঁছেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, বিএসএফ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *