যশোরে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী ইমলাক আটক

By যশোর প্রতিনিধি :

1 Min Read

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ১৭ মামলার আসামি ইমলাককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ‘সর্বহারা’র আঞ্চলিক নেতা মফজেল হত্যা মামলারও আসামি।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাতের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সমন্বয়ে একটি বিশেষ টিম গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে আটক করে। সন্ধ্যার পর তাকে কোতোয়ালি থানায় আনা হয়।

ওসি আবুল হাসনাত জানান, দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন সন্ত্রাসী ইমলাক। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি ফুলতলা বাজারে অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অস্ত্রসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ইমলাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, ইমলাক হত্যা, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। নিজেকে সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে প্রচার করে সেই পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতেন ইমলাক।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *