যশোরে ফুটবল খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

By যশোর প্রতিনিধি :

1 Min Read

যশোর সদর উপজেলার হামিদপুর আল হেরা কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে মুস্তাকিম (১৭) নামে এক তরুণ শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি তালবাড়িয়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মুস্তাকিমের পিতা ইয়াকুব একজন স্থানীয় ইজিবাইক চালক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি মুস্তাকিম একটি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন। পড়ালেখা আর কর্মজীবনের মাঝে ছুটির বিকেল কাটাতে খেলাধুলাই ছিল তার অন্যতম প্রিয় সময়। এদিন বিকেলে বন্ধুদের সঙ্গে হামিদপুর আল হেরা কলেজ মাঠে ফুটবল খেলতে নেমে খেলার মাঝপথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মুস্তাকিমের মৃত্যুতে পরিবার, শিক্ষক, বন্ধু এবং প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। সবাই এই অকাল মৃত্যুতে হতবাক ও শোকাহত।

এদিকে মুস্তাকিমের মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবেশ হয়ে ওঠে আরও ভারী। গ্রামের মানুষের ভিড়ে কান্না আর স্তব্ধতার আবহে ভরে ওঠে চারপাশ।

তার এমন অকাল প্রয়াণে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শোক প্রকাশ করেছে। মুস্তাকিমের স্বপ্ন ও জীবন থেমে গেল এক মর্মান্তিক বিকেলে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *