যুক্তরাষ্ট্রে ছাত্র ভিসা প্রক্রিয়া সাময়িক স্থগিত, শিগগিরই প্রত্যাহারের ইঙ্গিত

By আন্তর্জাতিক ডেস্ক :

1 Min Read

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে এই স্থগিতাদেশ দীর্ঘস্থায়ী হবে না বলে আশ্বস্ত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে এএফপিকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “সম্ভাব্য শিক্ষার্থীদের আমি ভিসার সাক্ষাৎকারের জন্য আবেদন করতে উৎসাহিত করছি। যদি স্থগিতাদেশ দীর্ঘমেয়াদি হতো—যেমন কয়েক সপ্তাহ বা মাসব্যাপী—তবে হয়তো আমি এ উৎসাহ দিতাম না।”

তিনি আরও জানান, স্থগিতাদেশটি খুব শিগগিরই প্রত্যাহার হতে পারে।

এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক নির্দেশনার মাধ্যমে বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটকে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার নির্ধারণ স্থগিত করতে বলেন। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা যাচাইয়ের জন্য নতুন নির্দেশিকা প্রণয়নের বিষয়টি।

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এর আগেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী ভিসা বাতিল, চীনা শিক্ষার্থীদের ওপর কড়াকড়ি এবং হার্ভার্ডসহ বড় বড় বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বাধা দেওয়ার উদ্যোগ।

রুবিওর সাম্প্রতিক এই নির্দেশনায় মূলত সেইসব আবেদনকারীদের লক্ষ্য করা হয়েছে, যারা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাদের ‘যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির পরিপন্থী’ বলে উল্লেখ করে একটি পুরনো আইন ব্যবহার করে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দূতাবাসগুলোকে পাঠানো এক বার্তায় রুবিও জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইবিষয়ক নতুন নির্দেশনা কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *