সজল মাহমুদ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ব্যতিক্রমী প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি রাকসুর প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন। শাহরিয়ার মোর্শেদ খানের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামে।
মনোনয়নপত্র নেওয়ার পর শাহরিয়ার বলেন, আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আমার বয়স ৫১ বছর। শিক্ষক, কর্মকর্তা ও সহপাঠীরা আমাকে চেনেন, ভালোবাসেন এবং অনুপ্রেরণা দেন। আমি আশা করি একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে ভোট দেবেন।
তিনি আরও জানান, ২০০২ সালে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলাম। পারিবারিক কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি। পরে মনে হলো, আবার পড়াশোনা শুরু করা দরকার। ২০১৭ সালে এসএসসি, ২০২০ সালে এইচএসসি পাশ করে ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই।
শাহরিয়ার মোর্শেদ খান বিবাহিত এবং তাঁর চার কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে একজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী, যার বিয়ে গত মাসে সম্পন্ন হয়েছে। শাহরিয়ার নিজে হবিবুর রহমান হলে আবাসিক এবং তাঁর জামাতা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।
আজ (৩ সেপ্টেম্বর) রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। একইসঙ্গে প্রার্থীদের জন্য নির্ধারিত ডোপ টেস্টের সময়সীমাও আজ শেষ হচ্ছে।
